সত্য প্রকাশ ডেস্ক
১/১১’র সময়ের মতো বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে রাজনীতির ময়দান থেকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এ অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, ৫ আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর অপপ্রচার করা হচ্ছে। যেসময় আমরা সাংগঠনিক কার্যক্রম চালাবো ঠিক সেসময় সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপিকে টার্গেট করে বসলো। একে আমরা ওয়ান-ইলেভেনের তত্ত্বের সঙ্গে মেলাতে পারি।
তিনি আরও বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থেমে নেই। দুর্গাপূজা ঘিরে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করা হতে পারে। এ সময়, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার জন্য দলীয় নেতাকর্মীদের পূজামণ্ডপে প্রহরীর ভূমিকায় লাগাতার অবস্থানের নির্দেশ দেন তিনি।
রিজভী আরও অভিযোগ করেন, ছাত্রদলের সাথে সম্পৃক্ততার অভিযোগে যোগ্য ও বঞ্চিত কর্মকর্তাদের প্রশাসনে গুরুত্বহীন করে রাখা হয়েছে। ডিসি-এসপি বানানো হচ্ছে একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থিতদের। এ সময়, সিনিয়র সচিব মোখলেসুর রহমানের ভূমিকার সমালোচনাও করেন তিনি।
গতকাল জাতীয় প্রেস ক্লাবেও একই অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব। সেসময় তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে খুব কায়দা করে নানাভাবে একটা বয়ান তৈরি করে অপপ্রচার চালানো হচ্ছে।
এর আগে, গত শনিবার কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে একই অভিযোগ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে। তবে বিএনপি হচ্ছে সেই দল, যারা ফিনিক্স পাখির মতো। যাকে বারবার মারার চেষ্টা করা হয়েছে। কিন্তু কেউ তা পারেনি।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.