সত্য প্রকাশ ডেস্ক
বিচারিক কার্যক্রম চলাকালে ভারতের সুপ্রিম কোর্টের ভেতরে প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের দিকে জুতা ছোঁড়ার অভিযোগ উঠেছে ৭১ বছর বয়সী এক আইনজীবীর বিরুদ্ধে। সোমবার (৬ অক্টোবর) এ ঘটনার পরই দিল্লি পুলিশ সুপ্রিম কোর্টে ছুটে যায়। এনডিটিভি জানিয়েছে, জুতাটি বিচারকের বেঞ্চে পৌঁছায়নি। বয়স্ক ওই আইনজীবীকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নেওয়া হয়েছে। আদালত কক্ষের বিস্ময়কর ঘটনায় বিচলিত না হয়ে প্রধান বিচারপতি গাভাই বলেন, 'আমিই শেষ ব্যক্তি যিনি এই ধরণের ঘটনায় আক্রান্ত।' এটি বলে তিনি পুনরায় বিচারিক কার্যক্রম চালিয়ে যান।
পুলিশের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, রাকেশ কিশোর নামে পরিচিত এই আইনজীবী বেলা ১১টা ৩৫ মিনিটে ১ নম্বর আদালতে তার 'স্পোর্টস জুতা' বের করে গাভাইয়ের দিকে ছুঁড়ে মারেন। এরপর নিরাপত্তাকর্মীরা তাকে তুলে নিয়ে যায় এবং কোর্টের নিরাপত্তা ইউনিটের কাছে হস্তান্তর করা হয়। তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের একজন নিবন্ধিত সদস্য। আদালত থেকে বের করে আনার সময় আইনজীবী বলছিলেন, 'ভারত সনাতন ধর্মের অপমান সহ্য করবে না।'
প্রাথমিক তদন্তে জানা যায়, মধ্যপ্রদেশের খাজুরাহো মন্দির চত্বরে বিষ্ণু মূর্তি পুনরুদ্ধারের দাবিতে করা একটি আবেদনের সাম্প্রতিক শুনানির সময় প্রধান বিচারপতির মন্তব্যে আইনজীবী অসন্তুষ্ট ছিলেন। প্রধান বিচারপতি গাভাই অটল ছিলেন এবং আইনজীবীদের বিচারকাজ চালিয়ে যেতে বলেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.