
আন্তর্জাতিক ডেস্ক
আপনি কি আপনার স্ত্রীকে ‘মোটু’ বা ‘গুলুমুলু’ নামে ডাকেন? তাহলে এবার সাবধান হয়ে যান! কারণ, তুরস্কে এক ব্যক্তি তাঁর মোবাইলে স্ত্রীর নাম সেভ করেছিলেন ‘চাবি (Chubby)’ নামে—যার অর্থ বাংলায় ‘মোটু’ বা ‘গুলুমুলু’। আর এই কারণেই শেষ পর্যন্ত স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করেছেন তাঁর স্ত্রী।
তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, পশ্চিম তুরস্কের উশাক প্রদেশের ওই নারী আদালতে অভিযোগ করেন, স্বামী তাঁকে নিয়মিত মানসিকভাবে নির্যাতন করতেন। শুধু তাই নয়, তাঁর ফোনে স্ত্রীর নাম ‘তোম্বিক’ (তুর্কি ভাষায় যার অর্থ মোটা) নামে সংরক্ষণ করেন, যা তাঁকে অপমানিত করেছে।
আদালতের শুনানিতে ওই নারী জানান, স্বামী তাঁকে একাধিকবার হুমকিমূলক বার্তা পাঠিয়েছেন—যেমন, ‘দূর হও, তোমাকে আর দেখতে চাই না’ এবং ‘তোমার মুখ শয়তানকে দেখাও গে’। এমনকি নিজের বাবার অস্ত্রোপচারের খরচের জন্যও স্ত্রীর কাছ থেকে টাকা দাবি করেন তিনি।
অন্যদিকে, স্বামী পাল্টা অভিযোগ আনেন—স্ত্রী নাকি পরকীয়ায় লিপ্ত। তবে তদন্তে দেখা যায়, অভিযোগটি ভিত্তিহীন। ওই ব্যক্তি শুধু একটি বই পৌঁছে দিতে গিয়েছিলেন।
আদালত রায়ে জানায়, স্বামীর অপমানজনক ভাষা, হুমকি ও অর্থনৈতিক চাপই ‘মানসিক ও অর্থনৈতিক সহিংসতা’র শামিল। তাই বিচ্ছেদের মূল দায় স্বামীর।
তুর্কি আইনে কারও মর্যাদা বা ব্যক্তিগত সম্মানে আঘাত করলে—সেটা বার্তা মারফত হোক বা মৌখিকভাবে—দুই বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। আদালত ওই স্বামীকে সাবেক স্ত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে, যদিও অঙ্ক প্রকাশ করা হয়নি।
ঘটনাটি তুরস্কজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ বলছেন, ‘মোটু’ বা ‘গুলুমুলু’ আদুরে ডাক হলেও, সেটি অপমানজনক মনে হলে সেটি অসম্মানই বটে।’
আরেকজন মন্তব্য করেছেন, ‘এটা ন্যায্য রায়। কাউকে ভালোবেসেও অপমান করা যায় না।’
অন্যদিকে কেউ মজা করে লিখেছেন, ‘এখনই ফোনের কনট্যাক্ট লিস্ট চেক করতে হবে—কোথাও যেন কোনো আপত্তিকর নাম না থাকে!’
এর আগে চীনে ঘটেছিল আরেক অদ্ভুত ঘটনা—প্রেমিকার ফোন পুরনো এক হোটেলের ওয়াইফাইয়ে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাওয়ায় প্রেমিক সম্পর্ক ভেঙে দেন, ভেবে বসেন তিনি প্রতারিত হয়েছেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.