নিজস্ব প্রতিবেদক
সংবাদ প্রকাশের পর উত্তপ্ত হয়ে উঠেছে কাঠালিয়া উপজেলা কৃষি অফিস ঘিরে আলোচনার কেন্দ্র। উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বশির মুঠো ফোনে রাজধানী টিভি সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাত ১০টা ৩৯ মিনিটে, নিজের মুঠোফোন নম্বর থেকে সংশ্লিষ্ট সাংবাদিককে ফোন করে তিনি অশ্রাব্য ভাষায় গালাগাল করেন এবং প্রকাশিত সংবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে ‘দেখে নেব’, ‘প্রাণে মেরে ফেলব’—এমন হুমকি দেন বলে জানা গেছে। হুমকির সময় সাংবাদিক ঘটনাটি মোবাইলে রেকর্ড করেন বলেও দাবি করেছেন।
প্রকাশিত প্রতিবেদনে জাহিদুল ইসলাম বশিরের বিরুদ্ধে অনিয়ম–দুর্নীতির অভিযোগ উঠে আসে। এ নিয়ে স্থানীয় জনমনে তুমুল আলোচনা চলছে। কিন্তু অভিযোগ খণ্ডন করার পরিবর্তে দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে তিনি সাংবাদিকের ওপর চড়াও হয়ে গণমাধ্যমের স্বাধীনতাকে প্রকাশ্য চ্যালেঞ্জ করেছেন বলে মনে করছেন এলাকাবাসী।
এ ঘটনায় সাংবাদিক নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি বলেন— “সংবাদ প্রকাশের পরপরই বশির আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করেন। আমাকে মেরে ফেলার হুমকি দেন। বিষয়টি আমি কর্তৃপক্ষকে জানাব।
ঢাকার সাংবাদিক সমাজ এ ঘটনাকে গুরুতর হামলা-হুমকির শামিল উল্লেখ করে তীব্র নিন্দা জানায়। তারা বলেন, সরকারি কর্মকর্তার এমন আচরণ পেশাদারিত্বের পরিপন্থী এবং সংবাদমাধ্যমের ওপর সরাসরি ভয়ভীতি প্রদর্শন।
এদিকে বিষয়টি নিয়ে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি ।
ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিক আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.