
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র বিশেষ অভিযানে মেহেরপুরের বাজিতপুর সীমান্ত এলাকা থেকে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১০ লাখ ৪৯ হাজার ৭৯৮ টাকা। ঘটনাস্থল থেকে ভারতীয় নাগরিকসহ দুই জনকে আটক করেছে বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন—মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের আব্বাস আলী (৪৫) এবং ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার সাহাপুর গ্রামের মিজান রহমান শেখ (২৪)।
রবিবার (৩০ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি সশস্ত্র দল সীমান্ত পিলার ১১৭/৬-এস থেকে আনুমানিক ৫০ গজ ভেতরে অবস্থান নেয়।
বিকাল ৪টার দিকে দুই জন সন্দেহভাজনকে ভারত সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি তাদের থামার নির্দেশ দেয়। তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশিতে ঘাসের বস্তার ভেতর সাদা স্কচটেপ মোড়ানো দুইটি প্যাকেট পাওয়া যায়। এতে থাকা ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
ডিজিটাল স্কেলে ওজন করে স্বর্ণের মোট ওজন নির্ধারণ করা হয় ১ কেজি ১৬৬ গ্রাম। এ ঘটনায় বিজিবির হাবিলদার শাজাহান সিরাজ বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করেছেন। আটক দুই জনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.