
মোঃ রোমান হোসেন
আশুলিয়ায় পিকনিকে নেওয়ার প্রলোভন দেখিয়ে এক শিক্ষার্থীকে অচেতন করে গণধর্ষণ, ভিডিও ধারণ ও জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।
এর আগে মঙ্গলবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থী আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৭ এপ্রিল সকাল ১১টার দিকে পিকনিকে যাওয়ার কথা বলে ভুক্তভোগীকে আশুলিয়ার ফুলেরটেক এলাকায় নিয়ে যায় অভিযুক্তরা। সফর পথে কোমল পানীয়ের সঙ্গে অচেতন করার ওষুধ খাওয়ালে কিছুক্ষণের মধ্যেই অচেতন হয়ে পড়েন শিক্ষার্থীটি। বিকেল ৫টার দিকে জ্ঞান ফিরলে নিজেকে ফুলেরটেক এলাকার একটি মেসে দেখতে পান তিনি। এসময় আসামিদের বিরুদ্ধে তাকে ধর্ষণের অভিযোগ ওঠে।
চিৎকার শুরু করলে অভিযুক্তরা ধারণকৃত ভিডিও ও অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পাশাপাশি এসিড হামলার ভয় দেখিয়ে কয়েক দফায় মোট ৯৬ হাজার টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
ভুক্তভোগী বলেন, গত ৪ নভেম্বর আবারও শারীরিক সম্পর্কের চাপ সৃষ্টি করে অভিযুক্তরা। ৬ নভেম্বর আসামি অন্তু দেওয়ানের নির্দেশে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ, মারধর ও ঘাড় ধাক্কা দিয়ে অন্তু দেওয়ানের কাছে নেওয়ার চেষ্টা করা হয়। এসময় বোতলে থাকা নেশাজাতীয় তরল জোর করে পান করানো হয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তিনি ক্যাম্পাসে ঢুকে অচেতন হয়ে পড়লে সহপাঠীরা তাকে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে নেন। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
চিকিৎসা শেষে ২৬ নভেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ে গেলে আবারও তাকে একাডেমিক কক্ষে আটকে রেখে লিখিত অভিযোগ তুলে নিতে চাপ দেয় আসামিরা। বিকেল ৩টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত থানায় মামলা করেন ভুক্তভোগী।
ওসি আব্দুল হান্নান জানান, “ঘটনাটি ৭ এপ্রিলের। ভুক্তভোগীর অভিযোগের পর আমরা অভিযান চালাই। টানা ১৭ ঘণ্টার অভিযানে মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছি।”
গ্রেপ্তাররা হলেন—গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দেলোয়ার ভূইয়া, তাজুল ইসলাম তাজ, শ্রাবণ শাহা এবং একই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থী অন্তু দেওয়ান। অন্তু দেওয়ান বিশ্ববিদ্যালয়ের ভিপি ইয়াছিন আল মৃদুল দেওয়ানের চাচাতো ভাই বলে জানা গেছে।
গ্রেপ্তার চারজনকে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.