তারিকুল আলম
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনে নির্বাচনী প্রচারণায় গতি আনতে সদর উপজেলার চার ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)- মনোনীত প্রার্থী সেলিম রেজা।
রবিবার (১৪, ডিসেম্বর ২০২৫) বিকেলে কাজীপুরের আলমপুর চৌরাস্তায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী কৌশল নির্ধারণ ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এই সভায় মেছড়া, রতনকান্দি, বাগবাটি ও ছোনগাছা ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সেলিম রেজা বলেন, সামনে কঠিন নির্বাচন। এই নির্বাচনকে দলীয় আদর্শ ও জনগণের ম্যান্ডেট নিশ্চিত করতে হলে আমাদের সকল স্তরের নেতাকর্মীদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন। প্রতিটি ইউনিয়নে, ওয়ার্ডে এবং গ্রামে আমাদের সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে ভোটারদের কাছে পৌঁছাতে হবে। তাদের ভোট নিতে হবে। এছাড়াও তিনি অসুস্থ বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চান।
সভায় উপস্থিত ৪ ইউনিয়নের নেতৃবৃন্দ তাদের স্ব-স্ব এলাকার সাংগঠনিক পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে দলীয় প্রার্থীকে অবহিত করেন। তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নেতাকর্মীদের চাঙ্গা রাখতে এবং জনগণকে ভোটকেন্দ্রে নিয়ে আসতে এই ধরনের মতবিনিময় সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে যার জায়গা থেকে সর্বোচ্চ কাজ করে যাব।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.