প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ১১:০০ অপরাহ্ণ
কুমিল্লা-৩ আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন কাজী কায়কোবাদ

কুমিল্লা জেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বাবা-মা ও পূর্বপুরুষের কবর জিয়ারত শেষে তিনি মুরাদনগরে আসেন। পরে বিকেল ৩টায় মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর, প্রার্থীর ভাই কাজী জুন্নুন বসরী ও কাজী শাহ আরেফীন, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা। মনোনয়নপত্র জমা দেওয়ার পর কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বর্তমান নির্বাচনী পরিবেশকে স্বস্তিদায়ক উল্লেখ করে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “আল্লাহ যেহেতু জালিম সরকারকে বিদায় করেছেন, ইনশাআল্লাহ আমাদেরকেও বিজয় দান করবেন।”
এ সময় তিনি একটি ইসলামি দলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করেন এবং এ বিষয়ে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান।
পাঁচবারের সাবেক এই সংসদ সদস্যকে এক নজর দেখতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ প্রসঙ্গে তিনি নেতাকর্মী ও সমর্থকদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার পাশাপাশি জনসমাগম এড়িয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল থাকার অনুরোধ জানান।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.