প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১০:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৯, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ
ছোট যমুনা নদী দূষণমুক্ত রাখতে আবারও আহ্বান নওগাঁর পুলিশ সুপারের

মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি
নওগাঁ শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদী রক্ষায় আবারও সচেতনতার আহ্বান জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি নদী দূষণের বিষয়টি তুলে ধরেন।
পোস্টে পুলিশ সুপার উল্লেখ করেন, ছোট যমুনা নদীর এক পাড় তুলনামূলক ভালো অবস্থায় থাকলেও অপর পাড়ে নিয়মিতভাবে আবর্জনা, প্লাস্টিক বর্জ্য, খাবারের প্যাকেট ও মানববর্জ্য ফেলার কারণে নদীটি বিভিন্ন স্থানে মারাত্মকভাবে দূষিত হচ্ছে। বিশেষ করে বিভিন্ন পিকনিক পার্টি থেকে ফেলা প্লাস্টিক ও খাবারের উচ্ছিষ্ট নদীর পরিবেশের জন্য হুমকি হয়ে উঠছে।
তিনি লেখেন, ছোট যমুনা নদী নওগাঁ শহরের অন্যতম প্রাণভোমরা ও প্রাকৃতিক সৌন্দর্যের আধার। ঐতিহাসিকভাবে এই নদীকে কেন্দ্র করেই এক সময় নওগাঁ শহরের বিকাশ ঘটেছিল, কারণ নদী ছিল যোগাযোগের প্রধান মাধ্যম।
পোস্টে আরও জানানো হয়, নদী দূষণ রোধে তিনি জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করেছেন এবং শিগগিরই ছোট যমুনা নদীকে দূষণমুক্ত ও পরিচ্ছন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।
এর আগে, নওগাঁয় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদানের পরপরই ছোট যমুনা নদী রক্ষার আহ্বান জানিয়ে আরেকটি পোস্ট দিয়েছিলেন মোহাম্মদ তারিকুল ইসলাম। ধারাবাহিক এসব বার্তায় নদী রক্ষায় প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
পোস্টের শেষাংশে নদীর দুই পাড়ের বাসিন্দাদের নদীতে গৃহস্থালি বর্জ্য ও প্লাস্টিক না ফেলার অনুরোধ জানিয়ে বলা হয়, ছোট যমুনা নদী ভালো থাকলে নওগাঁ শহরও ভালো থাকবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.