প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৯, ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ
মুন্সীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ও শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে চারজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনী সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযানের অংশ হিসেবে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে রোববার (১৮ জানুয়ারি) বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে লৌহজং উপজেলার শিমুলিয়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. রোকন মন্ডল (৫৬) ও মো. হৃদয় (৬০) এবং শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকা থেকে সোহেল (৪৮) ও সুনিল দাশ (৪৯) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা, ২৮০ গ্রাম গাঁজা, ৭টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার ৮৩০ টাকা উদ্ধার করা হয়।
সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে লৌহজং ও শ্রীনগর উপজেলায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত। অভিযানের পর গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ লৌহজং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস, নাশকতা ও মাদকবিরোধী কার্যক্রম দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দিতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.