প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৪, ২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ
অভ্যুত্থানের পর ক্ষমতালোভীরা এককভাবে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখেছে: ইসলামী আন্দোলন বাংলাদেশ আমীর রেজাউল করীম

জুলাই অভ্যুত্থানের পর একটি শ্রেণির ক্ষমতালোভী গোষ্ঠী এককভাবে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখা শুরু করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং আমতলী মাদ্রাসা মাঠে মুন্সীগঞ্জ-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী কে এম বিল্লাল হোসাইনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর বলেন, আমরা সরল মনে পথ চলছিলাম। কিন্তু তারা ষড়যন্ত্রের মাধ্যমে এমন এক পরিস্থিতি তৈরি করেছিল-হয় কেচকাকলে পড়তে হবে, না হয় আমাদের একা করে দিতে হবে। তারা পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের জাল বিস্তার করে ইসলামী আন্দোলন বাংলাদেশকে কোণঠাসা করার চেষ্টা করেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, আমাদের সঙ্গে থাকা অন্যান্য ইসলামী দলগুলোর উল্লেখযোগ্য নেতাদের অনেক আসনে তারা প্রার্থী দেয়নি। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিটি আসনে প্রার্থী দিয়েছে। এর মাধ্যমে প্রমাণ হয়েছে-তারা আমাদের একা করতে চেয়েছিল।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আর একা নয়। বরং যারা ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে ষড়যন্ত্র করেছে, তারাই আজ একা হয়ে গেছে।
কঠোর ভাষায় সমালোচনা করে তিনি বলেন, যারা ইসলামের নাম ব্যবহার করে ক্ষমতার ষড়যন্ত্র করেছিল, তারা শরিয়াহ আইনে দেশ পরিচালনা করবে না। তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
আমীর রেজাউল করীম দাবি করেন,
ইসলামপ্রিয় জনগণ তাদের ছেড়ে আমাদের সঙ্গে চলে এসেছে। জনগণ এখন বুঝে গেছে কারা সত্যিকার অর্থে ইসলামের প্রতিনিধিত্ব করে।
জনসভায় তিনি মুন্সীগঞ্জ-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী কে এম বিল্লাল হোসাইনের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় দলটির পাশে থাকার আহ্বান জানান।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.