প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৬:২০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৪, ২০২৬, ৮:৪২ অপরাহ্ণ
নওগাঁর পোরশায় অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা
নিজস্ব প্রতিনিধি
নওগাঁর পোরশা উপজেলায় অসুস্থ গরুর মাংস বিক্রির চেষ্টার অভিযোগে মজিবর রহমান নামে এক মাংস ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় বিক্রির উদ্দেশ্যে রাখা সম্পূর্ণ মাংস জব্দ করা হয়।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নোচনাহার বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মাংস ব্যবসায়ী মজিবর রহমান তার দোকানে একটি অসুস্থ গরুর মাংস স্বল্পমূল্যে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের নজরে আসে। তিনি তখন নির্বাচন সংক্রান্ত একটি বিভাগীয় সভায় যোগ দিতে রাজশাহী যাচ্ছিলেন। খবর পেয়ে তিনি দ্রুত রুট পরিবর্তন করে নওহাটা হয়ে নোচনাহার বাজারে উপস্থিত হন।
অভিযান ও জরিমানা ইউএনও’র উপস্থিতিতে প্রাণিসম্পদ বিভাগের একজন কর্মকর্তা মাংস পরীক্ষা করেন। গরুর লিভার পরীক্ষার পর উক্ত মাংস মানবদেহের জন্য অনুপযোগী হিসেবে ঘোষণা করা হয়। অভিযুক্ত ব্যবসায়ী মজিবরও জিজ্ঞাসাবাদে গরুটি অসুস্থ ছিল বলে স্বীকার করেন। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং ভোক্তা অধিকার ও জনস্বাস্থ্য রক্ষায় ওই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
জব্দকৃত মাংস নিয়ম অনুযায়ী বিনষ্ট করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম জানান, জনস্বাস্থ্য নিয়ে কোনো ধরনের আপস করা হবে না। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.