প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ
কেউ যদি ভোটকেন্দ্র দখল করতে আসে, তাহলে সে আর বাড়ি ফিরে যেতে পারবে না: হাসনাত আবদুল্লাহ

রাজশাহী ব্যুরো
জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সিরাজগঞ্জে হাসনাত আবদুল্লাহ বলেছেন, কেউ যদি ভোটকেন্দ্র দখল করতে আসে, তাহলে সে আর বাড়ি ফিরে যেতে পারবে না।
“১১ দলীয় জোটকে বিজয়ী করতে এখন থেকেই প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি যেতে হবে এবং মানুষের কাছে ভোট চাইতে হবে। এখন সময় এসেছে ঘরে ঘরে শাপলা কলি মার্কার দাওয়াত পৌঁছে দেওয়ার। দুর্নীতিবাজদের এ দেশে আর ঠাঁই হবে না। দুর্নীতি করার চেয়ে ভোট ভিক্ষা করা অনেক ভালো।”
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শাহজাদপুর সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোটের উদ্যোগে সিরাজগঞ্জ-৬ আসন থেকে এনসিপির মনোনীত প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজের পক্ষে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আগামী ১০০ বছর বাংলাদেশে প্রশাসন কেমন হবে, আগামী ১০০ বছর পুলিশের আচরণ কেমন হবে, বিচার বিভাগের আচরণ কেমন হবে, আমাদের খেটে খাওয়া মানুষের সন্তানরা মেধার ভিত্তিতে চাকরি পাবে কি না—তা নির্ভর করবে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে আপনাদের ভোটের মাধ্যমে।”
হাসনাত আবদুল্লাহ বলেন, “প্রিয় শাহজাদপুরবাসী, এখন আমাদের সময় এসেছে। আমরা যাদের নেতা বানাতাম, যারা আমাদের রক্তের ওপর দিয়ে নেতা হয়েছে, তারা এসি বাসে ঘুরে বেড়িয়েছে। যারা টাকা লুট করে বিদেশে গিয়ে তাদের সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করেছে, যারা লন্ডন-আমেরিকায় ঘুরে বেড়িয়েছে, তারা আপনাদের মানুষ মনে করেনি। এখন সময় এসেছে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার।”
এ সময় শিক্ষার্থীসহ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আগামী ত্রয়োদশ নির্বাচন আপনাদের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। গত ১৭ বছর যাদের কোনো লড়াই-সংগ্রামে দেখা যায়নি, যারা দেশের বাইরে ছিল, আগামী নির্বাচনে তাদের হাতে বাংলাদেশকে তুলে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “যারা ঋণখেলাপি, যারা ব্যাংকের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, যারা দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছে, তাদের হাতে এই দেশ তুলে দেওয়া হবে না। শাহজাদপুরবাসী কোনো দল করেন না—তারা শুধু বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের জন্য আগামী নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীকে ভোট দিতে এই মাঠে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের উদ্দেশে বলছি, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ এগিয়ে যাবে নাকি পিছিয়ে যাবে—সেই সিদ্ধান্ত আপনাদের হাতে।”
হাসনাত আবদুল্লাহ বলেন, “নির্বাচনে আর মাত্র চার দিন বাকি। আপনারা শাহজাদপুরের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে শাপলা কলির প্রচারণা পৌঁছে দেবেন।”
জনসভায় সহকারী অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আলহাজ রফিকুল আলম খান এবং সিরাজগঞ্জ-৬ আসনে এনসিপির মনোনীত প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজসহ আরো অনেকে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.