প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
কালীগঞ্জের পরিচিতি সভায় মাদক-সন্ত্রাস দমনে এমপি আবু তালিবের কঠোর অবস্থানের ঘোষণা

মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ঝিনাইদহ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবু তালিব। তিনি বলেন, এলাকায় অপরাধ দমনে প্রশাসনকে সঙ্গে নিয়ে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং কোনো অপশক্তিকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
সোমবার বেলা ১১টায় কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
সভার সূচনায় উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরবর্তীতে তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ানা নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জেল্লাল হোসেন। এছাড়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
বক্তব্য প্রদানকালে এমপি আবু তালিব বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে তাঁর প্রথম অঙ্গীকার হলো আইনের শাসন সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা। তিনি আরও বলেন, মাদক ও চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হবে। পাশাপাশি তিনি প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সততা, স্বচ্ছতা ও পেশাগত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক উন্নয়ন, ভূমি ব্যবস্থাপনার গতিশীলতা, সেবা প্রদানে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং চলমান উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সংসদ সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
সভা শেষে উপস্থিত জনপ্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দ সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.