প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ৬:৩৩ পূর্বাহ্ণ
পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল- অকটেন উদ্ধার

সত্য প্রকাশ ডেস্ক
পাবনার সুজানগরের চিনাখড়ায় গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুত রাখা দেড় হাজার লিটার পেট্রল ও অকটেন উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৪ মার্চ) দুপুর থেকে চলমান অভিযানে উপজেলার চিনাখড়া বাজারের খান এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী সন্টু ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে এ তেল উদ্ধার করা হয়।
ভোক্তার আভিযানিক দল জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে দেশের জ্বালানি তেলের বাজারে সংকটের বার্তা ছড়িয়ে একটি অসাধু ব্যবসায়ী চক্র অবৈধভাবে জ্বালানি তেল মজুত করছেন এবং ক্রেতাদের জিম্মি করে বেশি দাম নিচ্ছেন। এটি রোধে অভিযানের অংশ হিসেবে শনিবার সুজানগরের চিনাখড়া বাজারে অভিযান চালানো হয়।
এসময় ওই বাজারের খান এন্টারপ্রাইজের সন্টু ইসলাম অভিযানের খবরে দোকান বন্ধ করে দেন। পরে দোকান খুলতে দেরি করলে স্থানীয়রা জানান, দোকানের পেছনেই তার বাসা। পরে দোকানের পেছন দিয়ে আভিযানিক দল ভেতরে প্রবেশ করে গোয়ালঘরে মজুত রাখা দেড় হাজার লিটার পেট্রল ও অকটেন জব্দ করে। যেটি তিনি সংকটকে কাজে লাগিয়ে ক্রেতাদের জিম্মি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুত রেখেছিলেন। পরে তেলগুলো সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ক্রেতাদের মাঝে বিক্রয় করা হয় এবং তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানানো হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ ছিলো। কিন্তু অভিযানের সময়ে ওই দোকানির আচরণ সন্দেহজনক হওয়ায় ভেতরে গিয়ে অবৈধভাবে মজুদকৃত তেল পাওয়া যায়।
আতাইকুলা ও চিনাখড়াসহ এরকম চারটি বাজারে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৯০ হজার টাকা জরিমানা ও আদায় করা হয়েছে। তারা অতিরিক্ত দামে পেট্রোল, ডিজেল ও অকটেনসহ জ্বালানি তেল বিক্রি করছিলেন বলেও জানান তিনি।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.