কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার হাট-বাজারে এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে চরম নৈরাজ্য শুরু হয়েছে। সরকারিভাবে ১২ কেজির সিলিন্ডারের দাম ১,৩৪১ টাকা থেকে বাড়িয়ে ১,৭২৮ টাকা নির্ধারণ করা হলেও, বাস্তবে ভোক্তা পর্যায়ে তা বিক্রি হচ্ছে ১, ৯০০ থেকে ২,০০০ টাকায়। এতে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেট করে কৃত্রিম সংকট দেখিয়ে এই অতিরিক্ত দাম হাতিয়ে নেওয়া হচ্ছে।
ক্ষুব্ধ এক ক্রেতা শরিফুল জানান, "সরকার দাম বাড়িয়েছে ঠিকই, কিন্তু বাজারে এসে দেখি দোকানদাররা তার চেয়েও অনেক বেশি দাম চাচ্ছে। বাধ্য হয়ে ২০০০ টাকায় সিলিন্ডার কিনতে হচ্ছে। দেখার যেন কেউ নেই।"
অন্যদিকে, খুচরা বিক্রেতাদের দাবি— ডিলার পর্যায়েই তাদের বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। পরিবহন খরচ ও আনুষঙ্গিক ব্যয় মিলিয়ে নির্ধারিত দামে বিক্রি করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।
ভেড়ামারার সচেতন মহল মনে করছেন, প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং ও কঠোর আইনি ব্যবস্থা না থাকায় ব্যবসায়ীরা সাধারণ মানুষের পকেট কাটছে। দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়ার কোনো সুযোগ নেই। অভিযোগের সত্যতা পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.