কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নে অবৈধ ডিজেল মজুতের সংবাদের ভিত্তিতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ তেলের মজুত না পাওয়া গেলেও বিষ্ফোরক লাইসেন্স না থাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ৯টার সময় বাহিরচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মসলেমপুর বালির ঘাট সংলগ্ন 'সাইফুল স্টোর' নামক একটি প্রতিষ্ঠানে ১০০ ব্যারেল ডিজেল অবৈধভাবে মজুত রয়েছে এমন সংবাদ পায় প্রশাসন। তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন-৪৭ বিজিবি-এর মেজর সাদ্দাত-এর নেতৃত্বাধীন একটি টিম, ভেড়ামারা থানা পুলিশ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহারের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ওই প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে সংবাদে উল্লেখিত ১০০ ব্যারেল ডিজেলের পরিবর্তে মাত্র ১০০ লিটার ডিজেল পাওয়া যায়, যা মালিকপক্ষ নিজেদের ব্যবহারযোগ্য বলে দাবি করেন। তবে তেলের ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় 'বিস্ফোরক লাইসেন্স' না থাকায় পেট্রোলিয়াম আইন-২০১৬ এর ৪(খ) ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানের মালিক মোঃ আবু হুরাইরাকে (২০) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত আবু হুরাইরা ওই এলাকার মোঃ শহিদুল ইসলাম সদুর ছেলে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার জানান, জনস্বার্থে এবং অবৈধ মজুত রোধে প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.