কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় হযরত বাবা সোলাইমান শাহ্ চিশতী (রঃ) এর মাজার সংলগ্ন পদ্মা নদীতে ১৪ এপ্রিল মঙ্গলবার আনুমানিক দুপুরের দিকে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করে।
মাজার এলাকা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম "ধারণা হোসেন" বলে স্থানীয়দের কাছে পরিচিত ছিল। তিনি মানসিক ভারসাম্যহীন (পাগল) বেশে দীর্ঘদিন মাজার এলাকায় অবস্থান করতেন। এদিন দুপুরে তিনি পদ্মা নদীতে গোসল করতে গিয়ে গভীর পানিতে ডুবে যান। বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে উদ্ধার অভিযানে তার প্রাণহীন দেহ উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় ওই ব্যক্তির শরীরে কোনো পরিচয়পত্র বা যোগাযোগের মাধ্যম পাওয়া যায়নি। ফলে এখন পর্যন্ত তার সঠিক পরিচয় বা স্থায়ী ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে মরদেহটি শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
হযরত বাবা সোলাইমান শাহ্ চিশতী (রঃ) এর দরবার কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে—যদি কেউ এই ব্যক্তিকে চিনে থাকেন বা তার পরিবারের কোনো সন্ধান জেনে থাকেন, তবে দ্রুত মাজার শরীফের দরবার কমিটির সাথে যোগাযোগ করার জন্য।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.