কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মহিষাডোরা এলাকায় অবস্থিত মেসার্স দফাদার ফিলিং স্টেশনে তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় এবং প্রতিবাদকারীদের মারধরের অভিযোগ উঠেছে। সিরিয়াল পাওয়ার বিনিময়ে মোটরসাইকেল প্রতি ২০০ টাকা করে দাবি করাকে কেন্দ্র করে এই লঙ্কাকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ১৬ এপ্রিল সকালে মহিষাডোরাস্থ দফাদার ফিলিং স্টেশনে তেল নিতে আসা চালকদের একটি বড় ভিড় তৈরি হয়। অভিযোগ রয়েছে, ফিলিং স্টেশনের আশেপাশের কিছু অসাধু লোকজন এবং স্থানীয় প্রভাবশালী একটি চক্র সিরিয়াল আগে দেওয়ার নাম করে মোটরসাইকেল চালকদের কাছ থেকে ২০০ টাকা করে দাবি করে।
কয়েকজন সাধারণ চালক এই অন্যায্য সিরিয়াল মানি দিতে অস্বীকার করলে এবং প্রতিবাদ জানালে স্থানীয় কিছু ব্যক্তির সাথে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিবাদকারীদের ওপর চড়াও হয়ে তাদের বেধড়ক মারধর করা হয়। এতে বেশ কয়েকজন সাধারণ মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী এক মোটরসাইকেল চালক বলেন, "তেল নেওয়া আমাদের অধিকার, কিন্তু এখানে সিরিয়ালের নাম করে প্রকাশ্য দিবালোকে চাঁদাবাজি চলছে। প্রতিবাদ করলে মার খেতে হচ্ছে। স্থানীয় কিছু প্রভাবশালীর মদদে এই ফিলিং স্টেশনে সাধারণ মানুষকে জিম্মি করা হচ্ছে।"
সাধারণ মানুষের অভিযোগ, এই ফিলিং স্টেশনটিতে প্রায়ই নানা অনিয়ম ঘটে থাকে। বিশেষ করে স্থানীয় একটি মহলের যোগসাজশ থাকায় কর্তৃপক্ষ গ্রাহকদের সাথে অসদাচরণ করতে দ্বিধাবোধ করে না। উল্লেখ্য যে, এই ফিলিং স্টেশনটি এর আগেও ভয়াবহ অগ্নিকাণ্ডসহ বিভিন্ন বিতর্কে জড়িয়েছিল।
এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভুক্তভোগী এবং এলাকাবাসী অবিলম্বে এই চাঁদাবাজি চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ফিলিং স্টেশনটির লাইসেন্স ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.