মোঃ রোমান হোসেন
সাভার সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিনের অনিয়ম, দালালচক্র ও সিন্ডিকেটের প্রভাব কমিয়ে সরকারি রাজস্ব আদায়ে নতুন রেকর্ড গড়ার দাবি করেছেন সাব-রেজিস্ট্রার জাকির হোসেন। তাঁর দাবি, নিয়ম বহির্ভূত কোনো কাজ না করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এক বছরে প্রায় ৫০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে সাভার সাব-রেজিস্ট্রি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, অতীতে জমি রেজিস্ট্রেশন করতে এসে অনেক সেবাগ্রহীতা দালালচক্র, অতিরিক্ত টাকা দাবি ও নানা হয়রানির শিকার হতেন। কিন্তু বর্তমানে সরকারি নির্ধারিত ফিতেই জমি রেজিস্ট্রেশনের সুযোগ নিশ্চিত করা হয়েছে। এতে অসাধু সিন্ডিকেটের নানা চাপ ও বিরোধিতার মুখেও পড়তে হয়েছে।
কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সাভারে মোট দলিল সম্পন্ন হয় ২৪ হাজার ১১৬টি। এতে সরকারি রাজস্ব আদায় হয় ২৬৬ কোটি ৬৯ লাখ ৭ হাজার ২৫৬ টাকা। ২০২৫ সালে দলিল হয় ২৪ হাজার ৫৫টি এবং রাজস্ব আদায় দাঁড়ায় ২৮৯ কোটি ২১ লাখ ৮ হাজার ১০৯ টাকা।
এদিকে, ২০২৫ সালের প্রথম তিন মাসে ৬ হাজার ১৪৪টি দলিলের বিপরীতে রাজস্ব আদায় হয় ৬৫ কোটি ১ লাখ ৪০ হাজার ৯৪৬ টাকা। অপরদিকে ২০২৬ সালের প্রথম তিন মাসে দলিল সংখ্যা কমে ৫ হাজার ৪৩৪টি হলেও রাজস্ব আদায় বেড়ে হয় ৮০ কোটি ৩৬ লাখ ৫৪ হাজার ১১৪ টাকা।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে প্রায় ৫০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছে।
সাব-রেজিস্ট্রার জাকির হোসেন বলেন, আমি সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করছি। সরকারি স্বার্থ রক্ষা এবং জনগণকে হয়রানিমুক্ত সেবা দেওয়াই আমার লক্ষ্য। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.