কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আজ থেকে অত্যন্ত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার ৬টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর ভেড়ামারা উপজেলা থেকে এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে সর্বমোট ২,৪৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে সাধারণ এসএসসিতে ১৯২৬ জন। দাখিল মাদ্রাসা থেকে ১০২ জন এবং কারিগরি (ভোকেশনাল) শাখা থেকে ৪৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছে।
সকালে পরীক্ষা শুরুর পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাবৃন্দ। পরিদর্শন শেষে প্রশাসন থেকে জানানো হয়, প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে কড়া নজরদারি নিশ্চিত করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস রোধ এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
কেন্দ্রের বাইরে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করে সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে, যাতে পরীক্ষার্থীরা নিরবচ্ছিন্নভাবে পরীক্ষা দিতে পারে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, "আমরা অত্যন্ত সজাগ রয়েছি যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই পুরো পরীক্ষা সম্পন্ন হয়। প্রথম দিনের পরীক্ষায় উপস্থিতির হার সন্তোষজনক এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।"
আগামী পরীক্ষাগুলোও একইভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করছে উপজেলা প্রশাসন ও সচেতন অভিভাবক মহল।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.