প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত-১৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মোহন শেখ (৬০) নামের এক কৃষক নিহত হয়েছে। আহত হয়েছে নারীসহ আরও অন্তত ১৫জন। বৃহস্পতিবার সকালে ওই গ্রামের খালপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের ওয়ার্ড বিএনপি’র সভাপতি শের আলী ও সাধারন সম্পাদক মসিউর রহমানের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের মধ্যে চিকিৎসক মোহন শেখকে মৃত ঘোষনা করে। নিহত মোহন শেখ মসিউর রহমানের সমর্থক। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: নাহিদ এমরান তন্নি বলেন, মোহন শেখকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে আব্বাস শেখ নামের একজনের শারিরীক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে রেফার্ড করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, আধিপত্য বিস্তারের জেরে এই ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.