প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ
ধামইরহাটে ১৪ বিজিবির অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক
নওগাঁর ধামইরহাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। অন্য আরেকটি অভিযানে আরও ৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল রাত ৯টার দিকে চকিলাম বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আক্কাস আলীর নেতৃত্বে একটি বিশেষ দল সীমান্ত পিলার ২৬৮/৮-এস থেকে প্রায় ১৫০০ গজ অভ্যন্তরে অমরপুর হঠাৎপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মো. দিলদারের বাড়ির পাশের কাঁচা রাস্তা থেকে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ মো. হাসান আলী (২৯) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। আটক হাসান আলী ওই গ্রামেরই মৃত হাফিজুর রহমানের ছেলে। আজ (২৬ এপ্রিল) আটক আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের করে মালামালসহ তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
একই দিন ভোরে বস্তাবর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. এরশাদ আলীর নেতৃত্বে অন্য একটি দল মাহিসন্তুষ গ্রামের একটি লিচু বাগানে অভিযান চালায়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। এই মাদকদ্রব্যগুলো বর্তমানে ধামইরহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ পারাপার রোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির এই কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.