প্রেয়সী আক্তার, গাজীপুর
আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে গাজীপুর কালিয়াকৈর থানায় নির্মাণ শ্রমিকদের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। এ র্যালিতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া দিনমজুর এবং গার্মেন্টস কর্মীরা। সকাল থেকেই শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
র্যালিটি কালিয়াকৈরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শ্রমিকরা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, নির্দিষ্ট কর্মঘণ্টা, ভাতা ও সাপ্তাহিক ছুটির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। শ্রমিকদের হাতে ছিল নানা দাবি-দাওয়া সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার, যা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী জননেতা মোঃ সাইজুদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “শ্রমজীবী মানুষ ও খেটে খাওয়া দিনমজুররা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য বেতন, ভাতা এবং ছুটির নিশ্চয়তা প্রদান করা অত্যন্ত জরুরি। শ্রমিকদের অধিকার উপেক্ষা করে কখনোই টেকসই উন্নয়ন সম্ভব নয়।
তিনি আরও বলেন, “আমরা নারী-পুরুষ সকল শ্রমিক ভাই-বোনের মতো একসাথে কাজ করতে চাই। কর্মক্ষেত্রে বৈষম্য নয়, বরং সমতা ও সম্মানের পরিবেশ নিশ্চিত করতে হবে।
শ্রমিকদের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন,যে সকল শ্রমিক তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে জীবন দিয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও সম্মান জানাতে হবে। তাদের আত্মত্যাগের বিনিময়েই আজকের শ্রম অধিকার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে।
এছাড়াও তিনি উল্লেখ করেন,
শ্রমিকরাই আমাদের দেশের প্রকৃত রেমিট্যান্স যোদ্ধা। তারা মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিকে সচল রাখছে। দেশের উন্নয়নের প্রতিটি ধাপে শ্রমিকদের অবদান অনস্বীকার্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা। র্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে মে দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা হয় এবং শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
সর্বশেষে বক্তারা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি জোর দাবি জানান এবং একটি ন্যায়ভিত্তিক শ্রমবান্ধব সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.