পরশুরাম প্রতিনিধি
ফেনীর ফুলগাজীর মুন্সীরহাট ইউনিয়নের ভারত সীমান্তবর্তী কামাল্লা গ্রাম থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কামাল্লা গ্রামের সাবেক ইউপি সদস্য জানু মেম্বারের বাড়ির পশ্চিম পাশে মিয়াচান হুজুরের মুরগির খামারের দক্ষিণে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে লাশ উদ্ধার করে।
ফুলগাজী থানার এসআই মোহাম্মদ হোসেন জানান, স্থানীয়দের কেউই মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেননি। পুলিশের ধারণা, মৃত ব্যক্তির বয়স ৪৫ থেকে ৫০ বছর। লাশ উদ্ধারের পর প্রাথমিকভাবে তার পরিচয় জানার চেষ্টা করা হলেও কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
ফেনীর সহকারী পুলিশ সুপার নিশাদ তাবাসসুম বলেন, ঘটনাস্থলটি ভারতীয় সীমান্ত থেকে প্রায় ১৫০ গজ দূরে। স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তবে এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। বিষয়টি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকেও অবহিত করা হয়েছে এবং লাশের ছবি পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে পিবিআই ঘটনাস্থলে যাচ্ছে। তাদের তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.