প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ
ধামইরহাটে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলার শিবপুর এলাকা থেকে ১৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকা, মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গত রবিবার (১৭ মে) রাত ৯:৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— ১. মো. শামীম (২৯), পিতা: মো. সাইদুল রহমান। ২. মো. মোস্তাকিম (২৬), পিতা: মো. গোলাম মোস্তফা।
উভয়ের বাড়ি ধামইরহাট থানার অঙ্গরত কলোনি এলাকায়।
র্যাব জানায়, বেশ কিছুদিন ধরে এই দুই মাদক ব্যবসায়ীর গতিবিধি পর্যবেক্ষণ করছিল র্যাবের গোয়েন্দা দল। এরই ধারাবাহিকতায় ১৭ মে রাতে শিবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (যার আনুমানিক বাজার মূল্য ৪৫,০০০ টাকা, মোট ওজন ৬০ গ্রাম), ৩টি মোবাইল ফোন, মাদক বিক্রির নগদ ৪০,০০০ টাকা এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মূল্যে বিক্রি করে আসছিল। মাদক বিক্রির উদ্দেশ্যেই তারা সেদিন ঘটনাস্থলে অবস্থান করছিল।
র্যাব-৫ এর মিডিয়া সেল জানায়, এই মাদক সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে তাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে নওগাঁ জেলার ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.