প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৬, ৮:৪১ অপরাহ্ণ
ধামইরহাটে মাদ্রাসায় শিশু বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
নওগাঁর ধামইরহাটে ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. মমিনুল হক (২৬) নামের এক ধর্মীয় শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৯ মে (২০২৬) মঙ্গলবার রাতে উপজেলার বাদাল (চাঁনপুর) দারুল উলুম আশরাফিয়া থানভিয়া কওমী হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত শিক্ষক মমিনুল হক নওগাঁর পত্নীতলা উপজেলার বরইল (চকমলী) গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে। পুলিশ ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, গত ১৯ মে রাত আনুমানিক ৮:১৫ মিনিটে এশার নামাজের জন্য মাদ্রাসার সকল শিক্ষার্থীকে পাশের মসজিদে পাঠিয়ে দেন ধর্মীয় শিক্ষক মমিনুল হক। তবে "প্রয়োজনীয় কথা আছে" বলে ভিকটিম শিশু শিক্ষার্থীকে মাদ্রাসার উত্তর দুয়ারী শয়নকক্ষে রেখে দেওয়া হয়।
অন্যান্য শিক্ষার্থীরা মসজিদে চলে গেলে, ফাঁকা মাদ্রাসায় শিক্ষক মমিনুল হক ওই শিশুকে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বলাৎকার করে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনগণের সহযোগিতায় ধামইরহাট থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে। একই সাথে ভিকটিম শিশুকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এই নির্মম ঘটনার পর মাদ্রাসার সভাপতি বাদী হয়ে ধৃত আসামি মমিনুল হকের বিরুদ্ধে ধামইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বদ্ধপরিকর। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও আসামির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.