প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২৬, ৪:১৪ অপরাহ্ণ
তিতাসে লতিফ ভূঁইয়ার হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামে নিহত আব্দুল লতিফ ভূঁইয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ মে) সকাল ১১টায় মানিককান্দি গ্রামের তিনরাস্তার মোড়ে এ মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী, আত্মীয়-স্বজন ও নিহতের পরিবারের সদস্যরা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা বলেন, প্রকাশ্যে একজন মানুষকে নৃশংসভাবে হত্যা করা হলেও এখনো জড়িত সবাইকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। তারা দ্রুত তদন্ত শেষ করে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে নিহত লতিফ ভূঁইয়ার বড় বোন বলেন, যারা আমার ভাইকে নির্মমভাবে হত্যা করেছে, আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাই। আমার ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
নিহতের স্ত্রী আবেগঘন বক্তব্যে বলেন, আমার স্বামীর অপরাধ কী ছিল? কেন তাকে এভাবে হত্যা করা হলো? যারা আমার স্বামীকে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই।
এ সময় এলাকাবাসী বলেন, আব্দুল লতিফ ভূঁইয়া হত্যার ঘটনায় প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে তারা মামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, গত ১১ মে রাতে তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামের তিনরাস্তার মোড়ে পূর্বশত্রুতার জেরে সন্ত্রাসী হামলার শিকার হন আব্দুল লতিফ ভূঁইয়া। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.