প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৮, ২০২৬, ৫:০২ অপরাহ্ণ
লবণের চালানের আড়ালে ইয়াবা পাচার, কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পদুয়ারবাজার এলাকায় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে একটি কাভার্ডভ্যানে অভিযান চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবার চালান উদ্ধার করা হয়।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে, চৌদ্দগ্রাম এলাকা থেকে একটি প্রাইভেটকারের স্কটের মাধ্যমে ইয়াবার একটি বড় চালান ঢাকার দিকে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, সন্দেহভাজন প্রাইভেটকারটির চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন যে একটি কাভার্ডভ্যানে লবণ পরিবহনের আড়ালে ইয়াবা পাচার করা হচ্ছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর দক্ষিণের পদুয়ারবাজার এলাকায় কাভার্ডভ্যানটি আটক করা হয়।
পুলিশ জানায়, কাভার্ডভ্যানটিতে লবণের বস্তা বোঝাই ছিল। তল্লাশির একপর্যায়ে গাড়িটির উপরের অংশে বিশেষভাবে তৈরি করা গোপন স্থানে লুকিয়ে রাখা ১৬টি প্যাকেট থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন— কাভার্ডভ্যানের মালিক সিরাজগঞ্জের শিপন শেখ, প্রাইভেটকার চালক রুবেল, যাত্রী সোহেল রানা, কাভার্ডভ্যান চালক মোজাহের শেখ এবং হেলপার সুরুজ হোসেন।
পুলিশ সুপার বলেন, মাদক কারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে প্রতিনিয়ত নতুন নতুন কৌশল ব্যবহার করছে। তবে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এসব চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.