রাজশাহী বুরো
তাঁতশিল্পকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করতে সিরাজগঞ্জে চালু করা হয়েছে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু কেন্দ্রটির উদ্বোধন করেন।
শনিবার (১৮ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে সিরাজগঞ্জ শহরের মিরপুর বিড়ালা কুঠিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটির উদ্বোধন করেন।
এসময় মন্ত্রী বলেন, তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন সিরাজগঞ্জের তাঁতশিল্পের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই কেন্দ্র শুধু একটি ভবন নয়, এটি দক্ষ তাঁতি, আধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী নকশা ও নতুন উদ্যোক্তা তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাঁতশিল্পকে শুধু ঐতিহ্য হিসেবে নয়, বরং একটি সম্ভাবনাময় সৃজনশীল ও লাভজনক অর্থনৈতিক খাত হিসেবে গ্রহণ করতে হবে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম। তিনি তার বক্তব্যে বলেন, তাঁতিদের জন্য স্বল্প সুদে ঋণ সুবিধা প্রদান করা হচ্ছে। এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট তাঁতিদের আরও সহযোগিতা করা হবে এবং তাদের সমস্যা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, তাঁতশিল্পের পাশাপাশি দেশের বন্ধ পাটকল বেসরকারি বিনিয়োগ ও দীর্ঘমেয়াদি লিজ ব্যবস্থার মাধ্যমে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতে সিরাজগঞ্জে দীর্ঘদিন বন্ধ থাকা জাতীয় জুটমিলও দ্রুত সময়ের মধ্যে চালু করা হবে। এতে পরিবেশবান্ধব পাটজাত পণ্য উৎপাদন ও শিল্পায়নে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এসময় বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দীকী, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা তাঁতি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.