ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় প্রেমের টানে সুদূর চীন থেকে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে স্থানীয় এক তরুণীকে বিয়ে করেছেন সং হানজাও (৪০) নামের এক চীনা নাগরিক। এই বিয়ে নিয়ে কসবা তথা পুরো জেলায় চলছে ব্যাপক আলোচনা।
জানা গেছে, কসবা উপজেলার কুটি ইউনিয়নের বাইসার গ্রামের আবদুল আলিমের মেয়ে কলেজছাত্রী আয়েশা সুলতানার (২১) সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও একটি চীনা ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয় চীনের হেনান প্রদেশের বাসিন্দা সং হানজাওয়ের। দীর্ঘ দুই মাস অনলাইনের নিয়মিত কথোপকথনের মধ্য দিয়ে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।
পারিবারিক সূত্র জানায়, প্রেমের টানে সং হানজাও বাংলাদেশে আসার পর ইসলাম ধর্ম গ্রহণ করেন। গত ১৪ জুন এফিডেভিটের মাধ্যমে ইসলামী শরিয়াহ অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়। বিষয়টি সম্প্রতি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অনেকেই এই বিয়ে নিয়ে কৌতূহল প্রকাশ করছেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে নানা ধরনের প্রতারণা, মানবপাচার ও শোষণের খবর সংবাদমাধ্যমে উঠে আসায় সচেতন মহলে কিছুটা সতর্কতাও দেখা দিয়েছে। তবে তরুণীর পরিবারের দাবি, সম্পূর্ণ পারিবারিক সম্মতি ও আইনি প্রক্রিয়া মেনেই এই বিয়ে হয়েছে।
এ বিষয়ে আয়েশা সুলতানা বলেন, "শুরু থেকেই আমাদের সম্পর্কের বিষয়টি দুই পরিবার জানত।
পারিবারিক সম্মতিতেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। এখানে কোনো ধরনের প্রতারণা বা জোরজবরদস্তির সুযোগ নেই।"
কনের বাবা আবদুল আলিম বলেন, "সং হানজাও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং আমাদের সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করেছেন। তিনি মুসলিম রীতিনীতি মেনে চলার অঙ্গীকার করেছেন।
আমাদের মেয়ের সুখই আমাদের কাছে প্রধান। তাই আমরা তাকে সানন্দে জামাই হিসেবে গ্রহণ করেছি।"
বর্তমানে নবদম্পতি পারিবারিকভাবে সুন্দর সময় কাটাচ্ছেন বলে জানা গেছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.