ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘বই পড়ি, দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া কর্মসূচি।
এই কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (১০ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক মো. আবু সাঈদ নবীনগর পৌর এলাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসা’ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. আবু সাঈদ মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বই পড়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তার ওপর বিশদ আলোকপাত করেন। তিনি ‘সেরা পাঠকের খোঁজে’ কর্মসূচির চারটি মূল লক্ষ্য—নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞান-চিন্তা ও দক্ষতা বৃদ্ধি, জ্ঞানভিত্তিক সমাজ গঠন এবং পাঠ সংস্কৃতি প্রতিষ্ঠা করার বিষয়টি শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
তিনি বলেন, “বই পড়ার মাধ্যমেই একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার পাশাপাশি দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. আবু তালেব, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আল মামুন, নারায়ণগঞ্জ ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিনিধিরা।
কর্মসূচি সম্পর্কে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরেও জ্ঞান অর্জনে উৎসাহিত করার জন্য এই ‘সেরা পাঠকের খোঁজে’ উদ্যোগটি এক মাইলফলক হয়ে থাকবে। মেধাবী ও জ্ঞানপিপাসু পাঠক তৈরির এই মহতি উদ্যোগকে সফল করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.