নিজস্ব প্রতিনিধি
দেশের গণমাধ্যম অঙ্গনে ৩২ বছরের পথচলা পূর্ণ করেছে দৈনিক ঘোষণা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিনিধি সম্মেলন, প্রশিক্ষণ কর্মশালা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে পত্রিকাটি।
বুধবার (১২ আগস্ট) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দিনব্যাপী এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দৈনিক ঘোষণার প্রতিনিধি, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ কর্মশালা। এতে সংবাদ সংগ্রহ ও পরিবেশন, তথ্য যাচাই, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সংবাদ লেখার কৌশল, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় প্রতিনিধিদের দায়িত্বশীলতা ও পেশাগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন দৈনিক ঘোষণার সম্পাদক ও প্রকাশক মোঃ সাহিদুর রহমান টেপা। কর্মশালাটি পরিচালনা করেন পত্রিকাটির প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলাম।
পরে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন দৈনিক ঘোষণার প্রধান সম্পাদক নাজনীন সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পত্রিকাটির বিশেষ প্রতিনিধি মোঃ মঞ্জুর হোসেন ইসা।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। মানুষের অধিকার, সমস্যা, সম্ভাবনা ও অসঙ্গতি তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
বক্তারা আরও বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সাংবাদিকতার ধরনও বদলে যাচ্ছে। এ কারণে সাংবাদিকদের সময়ের সঙ্গে নিজেদের দক্ষ করে তুলতে হবে। একই সঙ্গে পাঠকের আস্থা ধরে রাখতে দায়িত্বশীল ও জনস্বার্থনির্ভর সাংবাদিকতার কোনো বিকল্প নেই।
দৈনিক ঘোষণার ৩২ বছর শেষে ৩৩ বর্ষে পদার্পণ ও এই দীর্ঘ পথচলার কথা তুলে ধরে বক্তারা বলেন, দীর্ঘ এ সময়ে পত্রিকাটি দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কথা তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নেও ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতে আরও আধুনিক, দায়িত্বশীল ও পাঠকবান্ধব সংবাদমাধ্যম হিসেবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে দৈনিক ঘোষণার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও প্রতিনিধিদের পেশাগত কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। এতে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
শেষ পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান, কবিতা ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিনিধিদের পারস্পরিক সাক্ষাৎ ও মতবিনিময়ের ফলে পুরো আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
দিনব্যাপী আয়োজন শেষে দৈনিক ঘোষণার ৩২ বছরের পথচলা, অর্জন ও অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে ভবিষ্যতে আরও শক্তিশালী ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয় ব্যক্ত করা হয়। আনন্দ-উৎসব ও সহকর্মীদের মিলনমেলার মধ্য দিয়ে শেষ হয় দৈনিক ঘোষণার ৩২ তম বর্ষ পূর্তি ও ৩৩তম বর্ষে পদার্পণের এই বর্ণাঢ্য আয়োজন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.