
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের এ সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
বিএনপি সূত্রে জানা গেছে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন ও সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।
এদিকে মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
আইআরআই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার এবং সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটি (সিএনএএস)-এর ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো লিসা কার্টিস।
প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন—কারিগরি বিশেষজ্ঞ জেসিকা কিগান, আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা, এনডিআই প্রোগ্রাম ডিরেক্টর জেমি স্পাইকারম্যান, প্রচারণা ও পরামর্শদাতা জন ফ্লুহার্টি, পরামর্শদাতা ডারিন বিয়েলেকি, প্রোগ্রাম পরামর্শদাতা অমিতাভ ঘোষ এবং পরামর্শদাতা সাইদা মুশরেফা জাহান।