
অনলাইন ডেস্ক
বাংলাদেশের ফেনীর একটি সংসদীয় আসনে দলের পক্ষ থেকে প্রার্থীর নাম ঘোষণার পর সেটি পুনর্বিবেচনার জন্য ক্রিকেটীয় স্টাইলে ‘রিভিউ’ আবেদন করে আলোচনায় এসেছেন ফেনীর একজন বিএনপি নেতা।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, বিস্তীর্ণ ধানখেতে দাঁড়িয়ে মাথায় হ্যাট পরিহিত ওই নেতা ক্রিকেটে ধাঁচে রিভিউ আবেদন করছেন।
জেলা বিএনপির ওই নেতার নাম আলাল উদ্দিন আলাল এবং তিনি ফেনী জেলা বিএনপির সদস্যসচিব। বিএনপির রাজনীতিতে ফেনী জেলা দলীয় চেয়ারপার্সন ‘খালেদা জিয়ার জেলা’ হিসেবে পরিচিত।
মি. আলাল নিজেই তার ‘রিভিউ আবেদনের’ ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন। “আমি জেনারেশন জেড এর দৃষ্টিভঙ্গি বিবেচনা করে অহিংস পন্থায় মনোনয়ন পরিবর্তনের জন্য দলের হাইকমান্ডের কাছে রিভিউ আবেদন করেছি,” বলছিলেন তিনি।
অবশ্য মি. আলাল তার ভাষায় ‘অহিংস পন্থায় রিভিউ’ আবেদনের কথা বললেও দলের মনোনয়ন তালিকা নিয়ে দেশের বিভিন্ন স্থানে সহিংস প্রতিবাদ হয়েছে এবং কিছু জায়গায় দলের স্থানীয় নেতাকর্মী ও সমর্থদের মধ্যে বিরোধ তীব্র হয়েছে।
ঢাকায় দলের নেতারা জানিয়েছেন, মাঠ পর্যায়ে সম্ভাব্য প্রতিক্রিয়া কিংবা বিরোধিতার কথা চিন্তা করেই প্রার্থী তালিকা ঘোষণার সময় দল থেকে জানানো হয়েছে যে ওই তালিকায় ‘যে কোনো সময় পরিবর্তন’ আসতে পারে।
দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু অবশ্য বলেছেন, প্রার্থিতা নিয়ে কোথাও কোনো সমস্যা হলে আলোচনার মাধ্যমেই তার সমাধান করা হবে।