
মোঃ আরমান হোসেন
গাজীপুরের কোনাবাড়ীতে নওয়াব আলী মার্কেট এলাকার একটি বাসা থেকে রহিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) সকালে একতা ভিলার পঞ্চম তলার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় রক্তাক্ত অবস্থায় নিহতের স্বামী ইমরান হোসেন (৪০)কে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমতলা গ্রামের সুরুজ আলীর ছেলে ইমরান হোসেন স্ত্রী রহিমা ও ১৬ বছর বয়সী মেয়ে শারমিনকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। পারিবারিক কলহের জেরে ভোররাতে ইমরান ধারালো দা দিয়ে স্ত্রী রহিমাকে গলা কেটে হত্যা করেন। পরে একই দা দিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। ঘটনাস্থলে উপস্থিত মেয়েটি পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেছে বলে জানান স্থানীয়রা।
খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় এবং গুরুতর আহত ইমরানকে দ্রুত হাসপাতালে ভর্তি করে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহত ইমরানের পালস পাওয়া যাওয়ায় তাকে তাৎক্ষণিক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।