
সত্য প্রকাশ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে বেপরোয়া গতিতে মোটরসাইকেলে চালাতে গিয়ে ভটভটির সঙ্গে সংঘর্ষে আকাশ মিয়া (১৮) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের মনিনাগ এলাকায় কাথম-কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার সকালে নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আকাশ মিয়া বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মুরারিদীঘি গ্রামের সৌদি আবর প্রবাসী বাদশাহ মিয়ার একমাত্র ছেলে। তিনি ঢাকার একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
আকাশ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে কালীগঞ্জ থেকে বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে নন্দীগ্রামের মনিনাগ এলাকায় কাথম-কালিগঞ্জ সড়কে পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেন। এতে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গিয়ে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউনিয়নের সদস্য মকবুল হোসেন জানান, নিহত আকাশ মিয়া ঢাকার একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তার মৃত্যুতে শুধু পরিবারে নয়, পুরো গ্রামের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে আত্মীয়-স্বজনরা বাকরুদ্ধ হয়ে পড়েন। শুক্রবার বাদ জুমা জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত কলেজ ছাত্র আকাশের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।