দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সীগঞ্জের দুই বিএনপি নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় বিএনপি। দল মনোনীত প্রার্থী থাকা সত্ত্বেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের নিজ নিজ পদ থেকে বহিষ্কারের পাশাপাশি দলের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে।
বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
পত্রে উল্লেখ করা হয়, মুন্সীগঞ্জ-১ আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় মমিন আলীকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইভাবে মুন্সীগঞ্জ-৩ আসনে দলীয় প্রার্থীর বিপরীতে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মহিউদ্দিনকে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নের স্বার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কারের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও পত্রে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন শেখ মো. আব্দুল্লাহ এবং মুন্সীগঞ্জ-৩ আসনে দলের মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন কামরুজ্জামান রতন।