
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফলে ঢাকা-২০ (ধামরাই) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ আসনের ১৪৭টি ভোটকেন্দ্রের সবকটির ফলাফল ইতোমধ্যে পাওয়া গেছে।
প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, বিএনপি মনোনীত প্রার্থী তমিজ উদ্দিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৪২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৩৪৩ ভোট।
অন্যদিকে, খেলাফত মজলিসের প্রার্থী মো. আশরাফ আলী দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৮৩ ভোট। জাতীয় পার্টির প্রার্থী আহসান খান নাঙ্গল প্রতীকে অর্জন করেছেন ৩ হাজার ৭৬ ভোট। আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী হেলাল উদ্দিন আহমেদ ঈগল প্রতীকে পেয়েছেন ৪৭৮ ভোট। বাংলাদেশ জাতীয় পার্টির সমাজতান্ত্রিক দল–বাংলাদেশ জাসদ মনোনীত প্রার্থী আরজু মিয়া মোটরগাড়ি প্রতীকে পেয়েছেন ১৯৮ ভোট।
এ আসনে অনুষ্ঠিত গণভোটেও উল্লেখযোগ্য অংশগ্রহণ দেখা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৫৮ হাজার ৪১২টি এবং ‘না’ ভোটের সংখ্যা ৫০ হাজার ১১৪।
সব মিলিয়ে ঢাকা-২০ (ধামরাই) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী তমিজ উদ্দিন বিশাল ব্যবধানে এগিয়ে থেকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা সাপেক্ষে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।