কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি.) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন দপ্তরের চলমান প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাচিত সংসদ সদস্য আতিকুল আলম শাওন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “চান্দিনার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।” তিনি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভা শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। প্রধান অতিথিসহ উপস্থিত কর্মকর্তারা সুবিধাভোগীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর, চান্দিনা থানা-এর অফিসার ইনচার্জ আতিকুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুল ইসলামসহ উপজেলা পরিষদের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় বক্তারা উপজেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।