নিজস্ব প্রতিনিধি
পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে যাত্রার প্রাক্কালে আল্লাহর মেহমানদের সম্মানে ধামইরহাটে এক বরকতময় বিদায়ী সংবর্ধনা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ধামইরহাটের বিশিষ্ট আলেম আলহাজ্ব মাওলানা মো. জাকারিয়ার নিজস্ব কাফেলা ‘নববী ট্যুরস এন্ড ট্রাভেলস’-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা গেছে, বাংলাদেশ সরকার অনুমোদিত হজ লাইসেন্সধারী প্রতিষ্ঠান আদিল ওভারসিজ (লাইসেন্স নং-০১৯৭)-এর মাধ্যমে এবছর এই কাফেলা থেকে মোট ৮২ জন হজযাত্রী পবিত্র মক্কা-মদিনার উদ্দেশ্যে যাত্রা করছেন। ধামইরহাট আমাইতাড়া বাজারে অবস্থিত মনসুর টাওয়ারে সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক। চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব এস এম খেলাল-ই-রাব্বানী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন নববী ট্যুরস এন্ড ট্রাভেলস-এর স্বত্বাধিকারী মাওলানা মো. জাকারিয়া। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক বলেন, “হজ একটি পবিত্র ইবাদত।
আপনারা আল্লাহর মেহমান হয়ে যাচ্ছেন, সেখানে দেশ ও জাতির কল্যাণে দোয়া করবেন। আপনাদের নিরাপদ ও সুস্থ সফর কামনা করছি।” মোনাজাতে হজযাত্রীদের নিরাপদ সফর, হজ্বে মাবরুর নসিব এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। উল্লেখ্য, নববী ট্যুরস এন্ড ট্রাভেলস দীর্ঘ দিন ধরে অত্যন্ত বিশ্বস্ততার সাথে ধামইরহাট ও পার্শ্ববর্তী এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের হজ ও ওমরাহ পালনে নিরলস সেবা দিয়ে আসছে।
অনুষ্ঠান শেষে এক আবেগঘন পরিবেশে ৮২ জন হজযাত্রীর কাফেলাটি পবিত্র ভূমির উদ্দেশ্যে ধামইরহাট ত্যাগ করেন। এ সময় হজযাত্রীদের স্বজনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।