
জামালপুর প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার রায়েরছড়া বাজারে চাঁদার দাবিতে মনিরুজ্জামান মনির (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে একদল দুর্বৃত্ত। শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
আহত মনিরকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার (২০ অক্টোবর) তাঁর ভাই রাকিবুল ইসলাম পাঁচজনকে আসামি করে কালিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুজ্জামান ও তাঁর ভাই রাকিবুল রায়েরছড়া বাজারে ইলেকট্রনিকস পণ্যের দোকান ও নগদ-বিকাশ এজেন্টের ব্যবসা করেন। এলাকার কয়েকজন বখাটে দীর্ঘদিন ধরে তাঁদের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় তাঁরা নানা সময়ে হুমকিও দেন।
অভিযোগ অনুযায়ী, শনিবার সন্ধ্যায় রেজাউল করিম, রাজন ও মারুফসহ কয়েকজন কৌশলে মনিরকে দোকান থেকে ডেকে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাঁরা চাঁদা দাবি করলে মনির অস্বীকার করেন। একপর্যায়ে দুর্বৃত্তরা রামদা দিয়ে তাঁর হাত-পায়ে কোপ দেয় এবং তাঁর কাছ থেকে নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্টার এজেন্টের সিম ছিনিয়ে নেয়। মনিরের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
আহত মনির বলেন, “রেজাউল, রাজন ও মারুফ কিছুদিন ধরে আমার কাছে চাঁদা দাবি করছে। না দিলে বাজারে ব্যবসা করতে দেবে না বলে হুমকি দেয়। চাঁদা দিতে রাজি না হওয়ায় আমাকে কুপিয়েছে।”
শ্যামগঞ্জ কালিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, “ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”