
সত্য প্রকাশ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ–৬ (শাহজাদপুর) আসনে গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে মো. নাঈম উদ্দিন সিরাজীকে আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থী ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাঁর মনোনয়ন চূড়ান্ত করা হয়।
শাহজাদপুর পৌরশহরের চুনিয়াখালী পাড়া এলাকার বাসিন্দা নাঈম সিরাজী দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি, শ্রমিক অধিকার ও সংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়। বর্তমানে তিনি শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ–যুব ও ক্রীড়া সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি গণঅধিকার পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সংগঠক।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় নাঈম উদ্দিন সিরাজী বলেন, “গণঅধিকার পরিষদ যে আস্থা ও দায়িত্ব আমার ওপর অর্পণ করেছে, তা আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। শাহজাদপুরের মানুষের সমস্যা, উন্নয়ন ও অধিকার নিয়ে আমি দীর্ঘদিন মাঠে কাজ করেছি। বিশেষ করে দরিদ্র ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোই আমার অঙ্গীকার।
তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে তরুণ নেতৃত্বের মূল্যায়ন মানুষের প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিয়েছে। ট্রাক প্রতীকের সমর্থন ছড়িয়ে দিতে দ্রুত এলাকায় গণসংযোগ শুরু করবো।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিরাজগঞ্জ–৬ আসনটি বর্তমানে তরুণ ভোটারদের কারণে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নতুন নেতৃত্বের উত্থান ও বিভিন্ন দলের নতুন মুখের আগমনে এ আসনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রূপ নিচ্ছে। নির্বাচনী মাঠেও এরই মধ্যে নড়েচড়ে বসেছে বিভিন্ন পক্ষ।
নাঈম সিরাজী তাঁর নির্বাচনী অঙ্গীকারে স্থানীয় অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, শিক্ষা–স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন।
শাহজাদপুরে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চায় স্থানীয় ভোটাররা। আসন্ন নির্বাচনে এ আসন ঘিরে ইতোমধ্যেই জনমনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।