
সত্য প্রকাশ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। তাঁর উন্নত চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার রাতে এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে গিয়ে এসব কথা জানান বিএনপির নেতা।
শুক্রবার মধ্যরাতে সংকটাপন্ন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ছুটে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, মির্জা আব্বাস, লুৎফুজ্জামান বাবরসহ দলের শীর্ষ নেতারা।
হাসপাতাল থেকে বেরিয়ে এসে মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। তাঁর উন্নত চিকিৎসা প্রয়োজন। এ সময় রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে আছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে।
বিএনপির চেয়ারপারসনের খোঁজ নিতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে পরীক্ষা-নিরীক্ষার পর শুরু হয় চিকিৎসা। বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।