
ভেড়ামারা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারার লালনশাহ সেতুর পশ্চিম পাড়ে পাবনা-কুষ্টিয়া হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ অফিসারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত অফিসারদ্বয় হলেন ইন্সপেক্টর মো: মোজাহারুল ইসলাম(৫৩) ও এএসআই মো: কয়েজ উদ্দিন(৫০)। তারা উভয়েই
পাবনা জেলার ঈশ্বরদী জোনের ডিএসবিতে কর্মরত ছিলেন।
আজ ১৬ই ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর ১২ টার দিকে দ্রুতগতির কাভার্ড ভ্যান তাদের ব্যবহৃত মোটরসাইকেলকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।
মোজাহারুল ইসলাম ও কয়েজ উদ্দিন যথাক্রমে রংপুর জেলার পীরগাছা থানার মৃত নূর মোহাম্মদ ও রাজশাহী জেলার তানোর থানার কসিমদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী, ভেড়ামারা থানা ও হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়,আজ ১৬ই ডিসেম্বর (মঙ্গলবার) পাবনা জেলার ইশ্বরদী জোনের ডিএসবি অফিসার মোজাহারুল ইসলাম ও কয়েজ উদ্দিন পালসার ১৫০ সিসি মোটরসাইকেল যোগে ঈশ্বরদী থেকে লালনশাহ সেতুর পশ্চিমপাড়ের দিকে আসছিলেন। তারা ব্রিজের পশ্চিম পাড়ে ইউটার্ন নেয়ার জন্যই এসেছিলেন বলে জানান পুলিশ সদস্যরা। এসময় একই দিক থেকে আসা কুষ্টিয়াগামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান পাবনা-কুষ্টিয়া হাইওয়ের লালনশাহ ব্রিজের পশ্চিম পাড়ের টোলপ্লাজা সংলগ্ন স্থানে তাদের ব্যবহৃত মোটরসাইকেলকে সজোড়ে চাপা দিয়ে চলে যায়। তারা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ড ভ্যানের চাকার নিচে পিষ্ট হন। মুহূর্তেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনায় খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ, কুষ্টিয়া চৌড়হাস থানা হাইওয়ে পুলিশ, ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। ভেড়ামারা ফায়ার সার্ভিসের গাড়ি তাদের লাশ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
কুষ্টিয়া চৌড়হাস থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ বলেন, ঈশ্বরদী জোনের দুজন ডিএসবি অফিসার লালনশাহ সেতুর পশ্চিম পাড়ে ইউটার্ন নেয়ার জন্য এসেছিলেন। একই দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান পিছন দিক থেকে তাদের চাপা দেয়।ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, দুর্ঘটনায় দুজন পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে। ঘাতক গাড়ি পালিয়ে গেছে। ঊর্ধ্বতন অফিসাররাও এসেছেন। আইন অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।