
রাজু আহমেদ , লক্ষ্মীপুর
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে লক্ষ্মীপুরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার ভোরের প্রথম প্রহরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায় অবস্থিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।
এ উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে একটি শৃঙ্খলাবদ্ধ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন দলের নেতৃবৃন্দ।
এ সময় নেতারা বলেন, মহান বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি কলঙ্কমুক্ত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নতুন দিনের সূর্যোদয়ের মতোই দেশের ভবিষ্যৎ নতুন দিগন্তে আলোকিত হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে জেলা বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।