সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুমিল্লার তিতাস উপজেলায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) আসর নামাজের পর তিতাস উপজেলার ৯নং মজিদপুর ইউনিয়নের দড়িগাঁও পশ্চিমপাড়া ইতালীর মোড় বিএনপি অফিসে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের আয়োজন করেন তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফুল আলম সরকার।দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করা হয়।
একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে বলিষ্ঠ নেতৃত্ব প্রদানের জন্য বিশেষ দোয়া করা হয়।
এ ছাড়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯নং মজিদপুর ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গ্রামের মুরুব্বিরা, বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মী এবং যুব সমাজের প্রতিনিধিরা।
দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফুল আলম সরকার বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার এক সাহসী প্রতীক। তিনি সারাজীবন আপোষহীনভাবে জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন। তার প্রয়াণে জাতি একজন অভিভাবকতুল্য নেত্রীকে হারিয়েছে।
আমরা তার আদর্শকে ধারণ করে বিএনপিকে আরও সুসংগঠিত করব এবং তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে এগিয়ে নেব।”দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়।