মেঘনায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, জিজ্ঞাসাবাদে আটক ১
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
১০৮
০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো.নাসির (৬০)–কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মেঘনা থানা পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, ভাওরখোলা গ্রামের উত্তর পাড়ার একটি শিশু (৮) এই নৃশংস ঘটনার শিকার হয়। অভিযুক্ত মো. নাসির একই গ্রামের ভেরি বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে। ভুক্তভোগী শিশুটি অভিযুক্তের আত্মীয় বলে জানা গেছে। শিশুটি তার নানার বাড়িতে বেড়াতে এলে বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
পরিতাপের বিষয় হলো, ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গড়িমসি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সাংবাদিকদের লেখালেখির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে মেঘনা থানা পুলিশ অভিযুক্ত মো. নাসিরকে আটক করে থানায় নিয়ে আসে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভুক্তভোগী শিশুর বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি জানাজানি হওয়ার পর ভাওরখোলা ইউনিয়নজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। অনেকেই এমন নৃশংস ঘটনায় হতবাক হয়ে পড়েন। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি এই প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই বিষয়টি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি ওঠে।
এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, স্থানীয় সাংবাদিকদের প্রকাশিত সংবাদের ভিত্তিতে অভিযুক্তকে ভোরবেলায় আটক করে থানায় আনা হয়েছে। বর্তমানে তাকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে। তবে এখনো ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।