
কুষ্টিয়া জেলা প্রতিনিধি
আমিষেই শক্তি, আমিষেই মুক্তি এই স্লোগান নিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় সুলভ মূল্যে দুধ, ডিম ও মুরগী বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত সুলভ মূল্যে দুধ, ডিম ও মুরগী বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়। রমজান মাস উপলক্ষে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা বিক্রয় চলবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কানিস ফারজানা। তাদের উপস্থিতিতে উপজেলা চত্বরে এ কার্যক্রম শুরু হয়।
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার ঊর্ধ্বগতি। দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে। চাহিদামতো পণ্য কিনতে হিমসিম খেতে হচ্ছে। প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে চালু হওয়ায় সুলভ মুল্যে দুধ, ডিম ও মুরগী বিক্রির কার্যক্রম নিম্ন ও মধ্যবিত্তদের জন্য অনেকটা সুবিধা হবে। প্রাণিসম্পদ দপ্তর থেকে বাজার তুলনায় একটু কম দামে একজন মানুষ ২ হালি ডিম কিনতে ৬৮ টাকা দিয়ে, দুধ ১ লিটার কিনতে পারবেন ৮০ টাকা ও সোনালী মুরগী ১ কেজি কিনতে পারবেন ২৬০ টাকা দরে।
ভেড়ামারা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কানিস ফারজানা বলেন- রমজানে মাসে প্রান্তিক পর্যায়ে নিম্নবৃত্ত একজন ক্রেতা সুলভ মূল্যে ডিম, দুধ ও মুরগী কিনতে পারবেন। আগামী ২৫ শে রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিক্রি করা হবে।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার বলেন- তৃনমূল ও প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীর আমিষের ঘাটতি রয়েছে। সুলভ মূল্যে পাওয়া পণ্য তাদের জন্য অনেকটা সহজ হবে এবং তাদের জন্য আমিষের চাহিদা পূরণ হবে।