
সত্য প্রকাশ ডেস্ক
রাজধানীর পল্লবী এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি মো. শফিকুল ইসলাম রনি ওরফে বৃন্দা রনির দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গভীর রাতে মিরপুরের পল্লবী থানাধীন সেকশন-১২ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ব্রাজিলিয়ান তৈরি রিভলবার, পাঁচ রাউন্ড রিভলবারের গুলি এবং ৫০ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
পল্লবী থানা সূত্রে জানা গেছে, গত ২১ মার্চ রাতে আলীনগরগামী সড়কের রোজ গার্ডেন ভবনের সামনে বৃন্দা রনি, পিচ্চি বাবু ও বড় লোকমান মিলে গুলি ছোড়ে। ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে অভিযান চালিয়ে বৃন্দা রনিকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের দাবি, পল্লবী এলাকায় ‘শুটার’ হিসেবে পরিচিত বৃন্দা রনির দেওয়া তথ্যের ভিত্তিতেই অস্ত্র ও গুলি উদ্ধার সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ তিনটি মামলা রয়েছে। এছাড়া একটি দস্যুতা মামলা তদন্তাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।